নওগাঁয় ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ টাকার মাল লুট

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৫:২৩
নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে জতিশ চন্দ্র সমাজদার রবি’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ৪ বছরের শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫/১৬ জনের সংঘবদ্ধ ডাকাতের দল বাড়ির গৃহকর্তাসহ অন্যান্যদের বেঁধে রেখে নগদ টাকা, ১১/১২ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেলসহ আনুমানিক প্রায় ৭ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে রাতেই নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৃহকর্তা জতিশ চন্দ্র সমাজদার রবি জানান, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত তিন টার দিকে বাড়ির ভেতর ঘরের দরজায় শব্দ শুনে ঘরের দরজা খোলেন। সাথে সাথে ১৫/১৬ জনের সংঘবদ্ধ ডাকাত দল তাকে ও তার স্ত্রী ভারতী রাণী, ছেলে প্রদীপ চন্দ্র ও প্রদীপ চন্দ্রের স্ত্রী মমি রাণীকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। 
এ সময় প্রদীপ চন্দ্রের ৪ বছরের শিশু দুর্জয় কাঁদতে লাগলে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা প্রায় ১১/১২ স্বর্ণালঙ্কার, নগদ ৩১ হাজার টাকা ও একটি মোটর সাইকেলসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতের দল। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।  
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাজেদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা থেকে শিশু দুর্জয়কে অজ্ঞাত কিছু লোক ফলো করে আসছিল। কিন্তু জতিশ চন্দ্র ও তার পরিবার বুঝতে পারেন নি যে তাদের বাড়ি ডাকাতি হতে যাচ্ছে। এ সময় প্রায় ১১/১২ স্বর্ণালঙ্কার, নগদ ৩১ হাজার টাকা ও একটি মোটর সাইকেলসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতের দল। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।