চলতি বছরের প্রথম দিকটা খুব একটা ভালো যায় নি কৃতি শ্যাননের। টুকটাক কাজ করছেন, তবে আলোচনায় থাকার মতো কোন কাজ করতে পারেন নি। তাই অনেকটা আলোচনার বাইরে ছিলেন। তবে কয়েকমাস আগে ডাব্বু রত্নানির ক্যামেরায় নিজেকে আবেদনময়ী ভাবে উপস্থাপন করে খানিকটা আলোচনায় এসেছিলেন। মূলত এই ফটোশুটে তিনি টপলেস হওয়ার কারনেই এই আলোচনা। তবে বছরের শেষ দিকে এসে একাধিক সিনেমার কাজ নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন।
বর্তমানে হাউসফুল-৪ সিনেমার শুটিং করছেন কৃতি। এর মধ্যেই পানিপথ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেত্রী। পানিপথ সিনেমায় মারাঠা রানির চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমার সংলাপে তাকে মারাঠি ভাষা বলতে শোনা যাবে। আর তাই মারাঠি ভাষা শিখছেন প্রতিদিন। হাউসফুল-৪ সিনেমার শুটিং সেট থেকে বেরিয়েই মারাঠি ভাষার প্রশিক্ষণ শুরু করেন কৃতি!
কৃতি স্যানন বলেন, ‘পানিপথ সিনেমায় মারাঠি ভাষায় কথা বলতে হবে আমাকে। যেহেতু আমি দিল্লিতে বড় হয়েছি, তাই এটি আমার কাছে নতুন। হাউসফুল-৪ সিনেমার পর পানিপথ-এর শুটিং শুরুর মধ্যে বেশি বিরতি নেই। তাই আমি এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছি।’
আশুতোষ গোয়ারিকর পরিচালনায় পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। কৃতি শ্যানন ছাড়া এতে আরো অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর প্রমুখ। আগামী বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে। কৃতি স্যানন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বরেলি কি বরফি । সম্প্রতি কার্তিক আরিয়ানের বিপরীতে লুকা চুপি সিনেমার শুটিং শেষে করেছেন তিনি। এছাড়া অর্জুন পাটিয়ালা সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে। সবমিলিয়ে এখন বেশ ভালো ব্যস্ততা তার।
