মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শামসুদ্দিন আহম্মেদকে (৬০) কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিুবল হাসান তাকে জেল-হাজতে প্রেরণের আদেশ দেন। একই সঙ্গে নথিসহ আসামিকে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ আদালতে উপস্থাপন করারও আদেশ দেন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ থানার পুলিশ ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করে। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ-মধ্যপাড়া (ডুলিপাড়া) গ্রামে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়।
একই মামলার অপর আসামি তার বড় ভাই নাছিরউদ্দিন আহম্মেদ(৬২) বর্তমানে পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা কর্তৃক দুই সহোদরের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে দাখিল করা হয়। তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ৪৫০ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন। তদন্তকালে তাদের বিরুদ্ধে মোট ১২ জনকে হত্যাসহ অন্যান্য অপরাধের সত্যতা প্রমাণিত হয়।
