নাগরিক ঐক্যের সংহতি সমাবেশে বক্তারা

দুর্নীতির বাইরে দেশের এক ইঞ্চি মাটিও নেই

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ২১:৫৩
 
দুর্নীতির বাইরে দেশের এক ইঞ্চি মাটিও নেই। পরীক্ষা ক্ষেত্রে, রাস্তা-ঘাট, পদ্মা সেতু নির্মাণসহ সর্বস্তরে দুর্নীতি হয়। সরকারের সকল মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। যারা দুর্নীতি করবে তাদের নাম ওই মন্ত্রণালয়ের দেয়ালে চক দিয়ে লিখে রাখতে হবে।
শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক ঐক্য আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে সংহতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘দুর্নীতিকে না বলুন’ শীর্ষক সমাবেশে শিক্ষক, চাকরিজীবী, রাজনীবিদ, ছাত্রসমাজসহ নানা পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন গবেষক সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, বিকল্পধারার সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুল মান্নান প্রমুখ।
মাহমুদুর রহমান মান্না বলেন, দুর্নীতি বিরোধী লড়াইয়ে থামব না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে আমরা দুর্নীতির রাহুগ্রাসে নিঃশেষ হতে দেব না। কোনো বাধাই আমাদের দুর্নীতির বিরোধিতা থেকে সরিয়ে আনতে পারবে না।
সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশের সব জায়গায় দুর্নীতি হয়। অথচ প্রতি ১০ হাজারেও একজন দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না। দুর্নীতি হয় গুটিকয়েক মানুষের মধ্যে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে লড়াই করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এইচ এম আকরাম, বাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল হক দুলু, সড়ক উন্নয়ন শ্রমিকের সাধারণ সম্পাদক ওসমান ফারুক, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পাপন, বিকল্পধারার কোষাধ্যক্ষ আজিজ আকন প্রমুখ।