নরসিংদীতে ২০১০ সালে স্কুলছাত্র সোহাগ হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। রবিবার দুপুরে এ আদেশ দেয় আদালত।
রবিবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেয়।
ফাঁসির আদেশ পাওয়া তিন আসামি হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মনির হোসেন, আলমগীর হোসেন ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সম্ভু শীল। এদের মধ্যে মনির হোসেন পলাতক রয়েছেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বিচারক খালাস দিয়েছেন।
মামলার নথির বরাত দিয়ে জানা গেছে, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি সদর উপজেলার ছোট মাধবদী এলাকার জাকির হোসেনের ছেলে ও মাধবদী এসপি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র সোহাগকে বেড়ানোর কথা বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় নিয়ে যান আসামিরা। পরে তার বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে দেরি হওয়ায় তাকে হত্যা করা হয়।
