রবিবার রাত সাড়ে সাতটার দিকে ঈশ্বরদীতে পিএসসি পরীক্ষার্থী শিশু ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত শিশু ফাতেমা তুজ জোহরা রিম (১১)। তার বাবার নাম রফিকুল ইসলাম। উপজেলার ভাড়ইমারী গ্রামের সরদারপাড়ার বাসিন্দা তারা। রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৭ টার দিকে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে পাপ্পু সদলবলে তার বাড়িতে এসে বাড়ির কলিং বেল টিপলে রিমের মা দরজা খুলে দেয়। পাপ্পু এসময় জোর পূর্বক ঘরে ঢুকে রিমের মূখে কাপড় চেপে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়। রিমের মার চিৎকার চেঁচামেচিতে এসময় এলাকার লোকজন এগিয়ে এলেও মাইক্রেবাসটিকে আটকানো সম্ভব হয়নি। রিমের বাবা আরও জানান, পাপ্পু একই গ্রামের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র। বেশ কিছুদিন যাবৎ বয়সের তুলনায় বেড়ে যাওয়া রিমকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে আসছিল পাপ্পু। কিন্তু তারা পঞ্চম শ্রেণীর শিশু রিমকে বিয়ে দিতে রাজী হননি। ফলে ক্ষিপ্ত হয়ে পাপ্পু এই অপহরণের ঘটনা ঘটিয়েছে। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, শিশু রিমকে উদ্ধারের জন্য ইতিমধ্যেই ফোর্স পাঠানো হয়েছে। এদিকে থানায় অপহরণের মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে তিনি জানিয়েছেন।
