আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। খবর: বাসসের।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে লেখায় ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত ২০ ফেব্রুয়ারি আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ। এ আবেদনের প্রাথমিক শুনানিশেষে ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে রুল জারি করে আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত ১৮ মার্চ ডেভিড বার্গম্যানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান রুলের জবাব দাখিল করেছিল। ঐ জবাবে সন্তুষ্ট নয় বলে জানায় ট্রাইব্যুনাল। পরে ডেভিড বার্গম্যানকে কেন আদালত অবমাননার দায়ে শাস্তি দেয়া হবে না আবারো তার ব্যাখ্যা দিতে ১৭ এপ্রিল আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। অন্যথায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করে ট্রাইব্যুনাল।
ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দ্য নিউএজে’র বিশেষ প্রতিনিধি।
