সখীপুরে নিখোঁজের পাঁচ দিন পর বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামা’র জঙ্গলের পাশ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। গোলাম মোস্তফার বাড়ি ওই ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ছোটমৌশা) এলাকায়। তিনি কাদেরিয়া বাহিনীর একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রতিমা বংকী গ্যাস স্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখোঁজি করে না পেয়ে ওই রাতেই গোলাম মোস্তফার ছেলে রফিকুল ইসলাম সখীপুর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন- ওই মুক্তিযোদ্ধার গলা, দুই পায়ের রগ ও পুরুষাঙ্গ কর্তণ করা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ওসি বজলুর রশীদ বলেন, সর্বাধিক গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধার খুনীদের খুঁজে বের করার জন্য পুলিশ মাঠে নেমেছে।
সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এম. ও. গণি বলেন, গোলাম মোস্তফা সখীপুর পাহাড়ের মুক্তিবাহিনীর একজন অন্যতম সংগঠক ও সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধা হত্যার সুষ্ঠু বিচার না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
