ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভাস্কর্য ‘জয় বাংলা’

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ০৩:৩৯

সোমবার মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চত্বরে ‘জয় বাংলা’ নামের একটি ভাস্কর্য উন্মোচন করা হয়। ভাস্কর্যটি নতুন স্থাপন করা হয়েছে। এটির শিল্পী অধ্যাপক মো. হামিদুজ্জামান খান ও তাঁর সহধর্মিণী আইভি জামান।

সোমবার ভাস্কর্যটির উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আ ব ম ফারুক, সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন।
ভাস্কর্যটির নামকরণ সম্পর্কে উপাচার্য বলেন, ‘জয় বাংলা’ স্লোগান সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র স্থাপন করতে এই ভাস্কর্য কার্যকর ভূমিকা পালন করবে।