খাদ্যগুদামের ২৪ টন চাল গায়েব, গায়েবকারীও পলাতক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ০৩:৪৬

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সরকারি খাদ্যগুদাম থেকে ২৪ টন চাল গায়েব হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে করিমগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহম্মদকে অভিযুক্ত ও গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারের কিছু সময় পর গুদাম থেকেই ওই কর্মকর্তা কৌশলে পালিয়ে যান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস বলেন, ‘চাল গায়েবের ঘটনাটি নিশ্চিত হওয়ার পর সৈয়দ আহম্মদকে পুলিশ হেফাজতে রাখার অনুরোধ করেছিলাম। পুলিশ তাদের হেফাজতে রেখেছিল। পরে কীভাবে ওই কর্মকর্তা পালিয়ে গেলেন বুঝতে পারছি না।’ তবে খাদ্যগুদামের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, পুলিশ সৈয়দ আহম্মদকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন ওই কর্মকর্তাকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ অস্বীকার করে জানান, এ ঘটনায় খাদ্যগুদামের সহকারী উপপরিদর্শক (এসআই) এ বি ওয়াহেদ বাদী হয়ে মামলা করেছেন।