আশুগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৬:২৪
 
 
 
ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার সকালে কৃষি জমি থেকে মরিয়ম আক্তার (০৪) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মরিয়ম পাশ্ববর্তী নবীনগর উপজেলার গোসাইপুর গ্রামের আরিফ মিয়ার মেয়ে। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,নবীনগর উপজেলার গোসাইপুর গ্রামের আরিফ মিয়ার মেয়ে মরিয়ম গত ৬ দিন আগে তার মায়ের সাথে নানান বাড়ি আশুগঞ্জ উপজেলা আড়াইসিধা গ্রামের আব্দুল জলিলের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে মরিয়ব বাড়ি থেকে খেলতে বের হলে আর ফিরে আসেনি। সন্ধা পর্যন্ত তাকে বিভিন্ন যায়গায় খুজাখুজি করে না পেয়ে এলাকায় মাইকিং করানো হয়। শুক্রবার সকালে তার নানার বাড়ির পাশে একটি কৃষি জমিতে বস্তাবন্দি অবস্থায় মরিয়মের লাশ পাওয়া যায়। নিহত মরিয়মের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
মরিয়মের বাবা আরিফ মিয়া জানান, উপজেলার পাশের গ্রাম মধুপুর এলাকার নজরুল ও খোকন মিয়ার সাথে কিছুদিন যাবত টাকা পয়সা নিয়ে আমার বিরোধ চলছিল। তারাই আমার মেয়েকে হত্যা করেছে।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনাটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তে মূল রহস্য বেরিয়ে আসবে। এব্যাপারে থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।