মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ২০:২১

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিসিক শিল্পনগরী এলাকার আকিজ টোবাকোর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলতাফ হোসেনের ছেলে আল-মামুন (১৮), একই ইউনিয়নের বরুন্ডি এলাকার শাহিনুর রহমানের ছেলে সৈকত হোসেন টিপু (২১) ও নারায়ণগঞ্জের সোহেল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (২০)।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল ইসলাম জানান, মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার আকিজ টোবাকোর সামনে মানিকগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মামুন ও হৃদয় নিহত হন। গুরুতর আহত অবস্থায় সৈকতকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
অপরদিকে ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকায় রবিবার দুপুরে মাটিবাহী ট্রাকের চাপায় শম্পা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।