রাজধানীতে পৃথক তিনটি ছিনতাইয়ের ঘটনায় দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে ১ কোটি ১১ লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকার চালক, দোকান কর্মচারী ও বিদেশগামী এক যুবক। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার রূপনগর, খিলগাঁও, মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রাইভেট চালক মোহাম্মদ জাহিদ (৩০), দোকান কর্মচারী আব্দুস সালাম (২৮) ও আব্দুল আজিজ। রূপনগর এলাকায় ৯০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে।
ডিএমপি মিরপুর বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ জানান, বিকাশ ও এয়ারটেলের এজেন্ট ‘ই-জোন’ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিক চারজন। এ প্রতিষ্ঠানটি ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য পুলিশের সহায়তা নেয় না। তাদের নিজস্ব নিরাপত্তা দিয়ে ব্যাংকে টাকা জমা দেয়। প্রাইভেটকারে টাকা বহনের সময় সামনে ও পিছনে থাকে চারটি মোটরসাইকেল। গতকাল ১১টার দিকে একই নিরাপত্তায় ৯০ লাখ টাকা জমা দেয়ার জন্য দুইটি ব্যাংকের স্থানীয় শাখায় (ব্র্যাক ও এইচএসবিসি) যাচ্ছিলেন। প্রাইভেটকারটি ‘প্রশিকা ভবন’ ও স্বপ্ন সুপার মার্কেটের সামনে পৌঁছলে একটি প্রাইভেটকার ও চারটি মোটরসাইকেলযোগে ১০/১২ জন দুর্বৃত্ত তাদের ওপর গুলিবর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ হয় প্রাইভেটকার চালক জাহিদ। দুর্বৃত্তরা দ্রুত প্রাইভেটকারে কয়েকটি ব্যাগে থাকা ৯০ লাখ টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত চালককে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান জানান, ঐ এজেন্সির অফিস প্রশিকা ভবনের সামনেই। ধারণা করা হচ্ছে, আগে থেকেই দুর্বৃত্তরা অনুসরণ করছিল। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা খুব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করেছে।
খিলগাঁওয়ে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই
খিওগাঁওয়ের গোড়ান এলাকার তৃপ্তি হোটেলের সামনে সকাল সাড়ে ১০টার দিকে দোকান কর্মচারী আব্দুস সালামকে (২৮) গুলি করে ২০ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। আহত সালাম জানান, তিনি ‘একতা জেনারেল স্টোর’ নামে একটি দোকানে কাজ করেন। সাইদুল নামে আরেক কর্মচারীকে নিয়ে রিকশাযোগে দোকানের ২০ লাখ টাকা ঢাকা ব্যাংকের গোড়ান শাখায় জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র চার দুর্বৃত্ত রিকশা থামিয়ে তাদের দিকে গুলি ছোঁড়ে। একটি গুলি তার বাম পায়ে লাগে। পথচারীরা তাকে প্রথমে খিলগাঁওয়ের খিদমা হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মিরপুরে ছিনতাইয়ের কবলে যুবক
আব্দুল আজিজ গতকাল ভোরে গ্রামের বাড়ি বাগেরহাট থেকে বাসযোগে ঢাকায় আসেন। ভোর পাঁচটার দিকে গাবতলী বাস টার্মিনাল থেকে সিএনজিযোগে রূপনগরের বাসায় যাচ্ছিলেন। মিরপুর স্টেডিয়ামের কাছে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তার স্ত্রী রাবেয়াকে খবর দেয়। রাবেয়া সকাল সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আব্দুল আজিজের স্ত্রী রাবেয়া হাসপাতালে সাংবাদিকদের জানান, আব্দুল আজিজ বিদেশ যাওয়ার জন্যে গ্রামের বাড়ি থেকে ৮০ হাজার টাকা নিয়ে ঢাকা আসছিলেন। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।
