সাবেক মন্ত্রী আমিনুলের বিরুদ্ধে মামলা চলবে

কয়লা খনি মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪

বড়পুকুরিয়া কয়লা খনি মামলা ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম চলবে বলে আদেশ দেয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এবং আসামি পক্ষে অনিক আর হক শুনানি করেন।

বড়পুকুরিয়া কয়লা খনি মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-২ এ বিচারাধীন রয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০ জন এ মামলার আসামি। মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন আমিনুল হক। ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ ও রুল জারি করে। শুনানি শেষে গতকাল হাইকোর্ট মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ তুলে নেন এবং রুল খারিজ করে দেয়।