সুন্দরবনের শেলা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি তেলবাহী ট্যাংকার ডুবে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ভোরে বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্যাংকারে সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেল ছিল বলে জানা গেছে।
মংলা কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামে তেলবাহী ট্যাংকার গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল। রাতে ট্যাংকারটি চাঁদপাই রেঞ্জের জয়মনি ঘোলের কাছে শেলা নদীতে নোঙর করা হয়। ভোরে যাত্রা শুরুর করার কিছুক্ষণের মধ্যেই ‘টোটাল’ নামের একটি কার্গো জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে ট্যাংকারটি ডুবে যায়। এসময় ঐ ট্যাংকারে থাকা শ্রমিকদের মধ্যে একজন নিখোঁজ হন, বাকিরা সাঁতরে উঠতে পারেন।
