কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বক্তারা বলেছেন, সাংবাদিকতা আর দশটি পেশার মতই একটি। তবে বৈশিষ্ট্য বিবেচনায় এটি সম্পূর্ণ আলাদা এবং চ্যালেঞ্জিং। এই পেশায় ঝুঁকি বেশি। অনেক সাংবাদিককে এই পেশায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে। এখনও এ ঝুঁকি কেটে যায়নি। এই ঝুঁকি সাংবাদিকদেরই মোকাবেলা করতে হবে। বিপদ-আপদে একে অপরের পাশে এসে দাঁড়াবে, প্রয়োজনে আন্দোলন করবে। তাই সাংবাদিকদের বিভিন্ন সংগঠনগুলোকে দলমতের উর্ধ্বে উঠে সাংবাদিকদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা রাখতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনস্টিটিউট অব কমিউনিকেশনস স্টাডিজ (আইসিএস) আয়োজিত ‘কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা’ শীর্ষক এক সমাবেশে বক্তারা এ কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একবিংশ শতাব্দিতে গণমাধ্যমের স্বাধীনতা মানে কেবল সাংবাদিকের বা মালিকের স্বাধীনতা নয়, দেশের ১৬ কোটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা। তাই এই স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরী। এ জন্য সরকার, প্রতিষ্ঠান এবং সব সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আইসিএস’র সমন্বয়ক শামীম আরা শিউলীর পরিচালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ভূঁ্ইয়া বলেন, আমাদের দেশের মিডিয়াগুলো ব্যক্তিমালিকানা ভিত্তিক। মিডিয়ার রকমভেদে ঝুঁকিও কম-বেশি হয়।
