পত্নীতলায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, নারীসহ আটক ৮

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৩:৫৫
নওগাঁর পত্নীতলা উপজেলায় নাজিম উদ্দিন (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হামলায় মারাত্মকভাবে আহত হয়ে তার বন্ধু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার উষ্ঠি পুকুর পাড়ে পিকনিক শেষে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন এবং তার বন্ধু বেলাল হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আয়াপুর নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দুই জনের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মারা যান।
এ সময় বেলাল হোসেনের আর্তচিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রফিক জানান, প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে যে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে রাতেই নারীসহ আট জনকে আটক করেছে পুলিশ।