রাজধানীর মেরুল বাড্ডায় এক ব্যবসায়ীর কাছ থেকে জোর করে চাঁদা আদায়কালে দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। পুলিশ অস্ত্রসহ সাত দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকালে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১০ নম্বর সড়কের ৬৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাচ্চু (২০) ও রবিনকে পুলিশ পাহাড়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত অপর পাঁচজন হচ্ছে— সোহাগ, সুজন, রুবেল, রাজীব ও আরিফ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, গ্রেফতারকৃতরা ওই বাড়ির ভাড়াটিয়া ব্যবসায়ী শামিমের কাছে বেশ কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় ওই দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চাঁদাবাজরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাবার চেষ্টা করে। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই চাঁদাবাজ গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত দুইজনসহ সাতজনকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
