গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় ছাত্রসমাজ নেতা নিহত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৭
 
ময়মনসিংহের গৌরীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরগঞ্জ উপজেলার জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ইসতেকার আলম খান রুপন (৩২) নিহত হয়েছেন। এ সময় পৌর ছাত্র সমাজের আহ্বায়ক সুজন (২৪) গুরুতর আহত হন। শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী জালালাবাদ ইউনাইটেড (১৪-৪৭২৫) নং বাসটির সঙ্গে ময়মনসিংহগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুপন মারা যান। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলার মুক্তিযোদ্ধা নুরুল আমিন খানের পুত্র। গুরুত্বর আহত সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।