আড়াইহাজারে যাত্রীবাহী সিএনজিতে পুলিশের গুলি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটো রিকশায় ডাকাত ভেবে গুলি করেছে পুলিশ। ওই সময়ে যাত্রীরাও পুলিশকে ডাকাত ভেবে দ্রুত পালানোর চেষ্টা করে। শনিবার দিনগত রাত দুইটায় উপজেলার গোপালদি-ঢাকা সড়কের মারুয়াদী এলাকাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত দুইটার দিকে উদয়দী গ্রামের মাসু নামের এক রোগীকে আড়াইহাজার উপজেলা সেন্ট্রাল হ্সাপাতালে ভর্তি করিয়ে রোগীর স্বজনেরা সিএনজি অটো রিকশা করে বাড়ি ফিরছিলেন। সিএনজটি মারুয়াদীতে আসার পথে একদল পুলিশ টহল দিচ্ছিল। তারা সিএনজিকে থামানোর সঙ্কেত দিলেও না থামায় যাত্রীদের ডাকাত ভেবে পুলিশ তিন রাউন্ড গুলি করে। আর যাত্রীরা পুলিশকে ডাকাত ভেবে দ্রুত পালায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ছিনতাইকারীদের গুলি করা হয়েছে। তবে গুলিতে সিএনজি সামান্য ক্ষতি হলে ও কেউ হতাহত হয়নি।