সাবেক এমপি পিন্টুর বডিগার্ড সাত্তার গুলিতে নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ২১:০৮
 
 
 
 
 
 
রাজধানীর হাজারীবাগ এলাকার সাবেক এমপি ও বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বডিগার্ড আফজাল হোসেন ওরফে গালকাটা সাত্তার (৫০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। রবিবার দিনদুপুরে হাজারীবাগ তিন মাজার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
পুলিশ জানিয়েছে, সাত্তার হাজারীবাগ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা অশ্রুহত্যাসহ ১৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন কারাবাস শেষে  ছয় মাস আগে জামিনে মুক্তি পান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জের ধরে শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রুপের হাতে নিহত হয়েছেন। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
নিহত সাত্তারের ছোট ভাই আব্দুল মোতালেব জানান, তার ভাই সাত্তার  দুপুর পৌনে ২টার দিকে বাসা থেকে ভাত খেয়ে বাইরে বের হন। এরপর হেঁটে হাজারীবাগের (ঝিগাতলা) তিন মাথা মসজিদ গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওঁেপতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। চারটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। খবর পেয়ে তার অপর ভাই সাইদুল ও ছেলে ইশতিয়াকসহ অন্যান্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হাজারিবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম  জানান, সাত্তারের বিরুদ্ধে ১৪টি মামলার রয়েছে। এর মধ্যে ১০টি হত্যা মামলার। এ সব মামলায় ছয় মাস আগে জামিনে বের হন তিনি।
স্থানীয় সূত্র জানায়,  গালকাটা সাত্তার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্থানীয় সাবেক এমপি ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেট পিন্টুর বডিগার্ড ছিলেন। ২০০৭ সালে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর ২০১০ সালে জামিনে বের হওয়ার পরই জেলগেট থেকেই তাকে আবার গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ, ছয় মাস আগে জামিনে মুক্তি পান তিনি।