ইন্দোনেশিয়ায় ভূমিধস: ৩২ লাশ উদ্ধার, নিখোঁজ ৮০

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ২২:৪৪
 
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো ৮০ জনের বেশি লোক নিখোঁজ রয়েছে।
ভূমিধ্বসের কারণে রাস্তায় জমা আবর্জনা সরাতে বুলডোজার ও এক্সকাভেটর মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
শুক্রবার রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে জাভার মধ্যাঞ্চলীয় জেমব্লুং গ্রামে এ ভূমিধ্বসের ঘটনা ঘটে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরয়ো নুগ্রোহো এক এমএমএস-এ বলেন, ‘উদ্ধারকর্মীরা ৩২টি লাশ উদ্ধার করেছে এবং এখনো ভূমিধ্বসে চাপা পড়া আরো ৮০ জনের সন্ধান করছেন।’
উদ্ধারকর্মীরা কোদাল ও খালি হাতে কাদামাটি সরিয়ে জীবিতদের উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন।
সামরিক কর্মকর্তা এদি রাহমাতুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমরা কাদা মাটির নিচে চাপা পড়াদের উদ্ধার করার চেষ্টা করছি। এটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ আমরা হাতদিয়ে চালানো যন্ত্র দিয়ে কাজ করছি এবং এলাকাটি খুবই কাদা ভরা।
প্রাদেশিক তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান অগাস হারিয়োনো জানিয়েছেন, ওই এলাকার মাটি এখনো স্থিতিশীল না হওয়ায় উদ্ধার প্রচেষ্টা খুবই ধীর গতিতে চলছে।
তিনি আরো জানান, এলাকাটি পাহাড় ঘেরা উপত্যকা এবং মাটি খুবই নরম ও কাদাময়। ফলে আরো ভূমিধ্বস এড়াতে আমাদের খুবই সতর্কতার সঙ্গে খনন কার্যক্রম চালাতে হচ্ছে।
পুলিশ সেনা সদস্য ও স্বেচ্ছাসেবক মিলিয়ে দুই হাজারের বেশি উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। সূত্র: আলজাজিরা