যশোরে ট্রাকের ধাক্কায় এবার মাদ্রাসা ছাত্র নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৩:৫০
যশোরে ট্রাকের ধাক্কায় এবার নুর হামিম (৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার পিতা মাস্টার সিরাজুল ইসলাম।
ঝিকরগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পারবাজার এলাকার মাস্টার সিরাজুল ইসলাম মোটরসাইকেলে করে শিশুপুত্র নুর হামিমকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান নুর হামিম। মারাত্মক আহত অবস্থায় ওই ছাত্রের পিতা সিরাজুল ইসলামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
অপরদিকে সকাল নয়টার যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।
এ নিয়ে চার দিনে যশোরে শুধু ট্রাকের ধাক্কায় মারা গেল আট জন।
গত শুক্রবার একটি ট্রাক যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দিলে প্রাণ হারান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্রীড়া ও শরীরচর্চা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবু হানিফসহ চার জন। ওইদিনই চুড়ামনকাঠিতে অপর এক ট্রাকের ধাক্কায় আরেক নসিমন চালক নিহত হন। গতকাল রবিবার যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলায় ইটভাটার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী রমজান আলী (৩৪) ও শেখ শাহীন (৩১) নামে দুই জন নিহত হন।
সর্বশেষ সোমবার নিহত হয়েছে মাদ্রাসা ছাত্র নুর হামিম।