গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৫

নাটোরের গুরুদাসপুরে কুপিয়ে হত্যার করা হয়েছে আবুল কালাম বিশ্বাস (৩৫) নামের এক যুবককে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার নাজিরপুর নাদিয়াপাড়ার একটি লিচু গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আবুল কালাম সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর সারারাত আর বাড়ি ফেরেননি তিনি। স্থানীয়রা সকালে ওই গ্রামের মোকাম আলীর লিচু বাগানে আবুল কালামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কালাম নাজিরপুর নতুনপড়া গ্রামের মৃত কালুর ছেলে।

নিহত কালাম বিশ্বাসের ভাই আব্দুল মজিদ জানান, 'একই এলাকার শুকুর আলী, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ও খলিলুর রহমানের সঙ্গে একত্রে সমিতির নামে সুদের কারবার করতো কালাম বিশ্বাস। সেখানে ক্যাশিয়ারের দায়িত্বে ছিল সে। বেশ কয়েকদিন ধরে সুদ ব্যবসার হিসাব-নিকাশ নিয়ে কালামের সঙ্গে অন্যদের সম্পর্কের অবনতি হয়। এরপর আমার ভাইকে বেশ কয়েকবার হুমকিও দেওয়া হয়'। আব্দুল মজিদের অভিযোগ, ব্যবসায়িক অংশিদাররাই কালামকে খুর করে মোকাম আলীর লিচু গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

আরও পড়ুন:  বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশের দাফন সম্পন্ন

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, 'আমাদের প্রাথমিক ধারনা, কালাম বিশ্বাসকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর লিচু গাছে ঝুলিয়ে রাখা হয়েছে'। সোমবার রাতের যে কোন সময় ওই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। ইতিমধ্যে হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও শহিদুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান সেলিম রেজা।

ইত্তেফাক/জেডএইচডি