সুন্দরবনের শ্যালা নদীতে ‘ওটি সাউদার্ন-৭’ নামের একটি তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার ঘটনায় ধাক্কা দেওয়া ট্যাংকার ও এর মাস্টারসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ‘এমটি টোটাল’ এর মাস্টার মোস্তফা (৫৩), ট্যাংকারের কর্মচারী ফারুক (৩৪), আক্কাস (২৫) ও পিয়ার আলী (৩০)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, সকালে সিদ্ধিরগঞ্জের এসিআই এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ‘এমটি টোটাল’ নামের তেলবাহী ট্যাংকার ও এতে থাকা মাস্টারসহ চারজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর এমটি টোটাল বিভিন্ন স্থানে লুকিয়ে ছিল।
মংলা থানা থেকে আসা এস আই মঞ্জুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাংকারটি আটক করা হয়েছে।
এ ট্যাংকারটিই গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ‘ওটি সাউদার্ন-৭’ নামের একটি তেলবাহী ট্যাংকারকে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। ওটি সাউর্দান ডুবির ঘটনায় নদীতে ছড়িয়ে পড়ে সাড়ে তিন লাখ লিটারেরও বেশি ফার্নেস অয়েল।
