সরকারবিরোধী তৎপরতার অভিযোগে তুরস্কে গ্রেফতার ২৩

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৮:১১
সরকারবিরোধী তৎপরতার অভিযোগে সাংবাদিকসহ ২৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। এছাড়া সরকারের বিরোধিতা করায় রবিবার দেশব্যাপী বেশ কিছু গণমাধ্যম কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। খবর: আল জাজিরা ও বিবিসি’র।
গ্রেফতার হওয়া ২৩ জনের মধ্যে রয়েছেন সাংবাদিক এবং টিভি প্রযোজকও। গ্রেফতার হওয়াদের মধ্যে আছেন জামানের প্রধান সম্পাদক একরাম ডুমানলি এবং সামানিয়োলু টিভির প্রধান হিকমত কারাকা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেয়া মার্কিনপন্থী মুসলিম নেতা ফাতুল্লাহ গালেনকে সহযোগিতা করার অভিযোগে এদেরকে আটক করা হয়েছে। গালেন একসময় এরদোগানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। 
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সবচেয়ে বেশি বিক্রিত সংবাদপত্র জামান এবং সামানিয়োলু টিভির কার্যালয়ে রবিবার অভিযান চালায় তুর্কি পুলিশ। 
বার্তা সংস্থা আনাতোলিয়া জানিয়েছে, সরকারবিরোধী ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। অভিযান শেষে তাদেরই ২৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়ার আগে ইস্তাম্বুলে জামান পত্রিকার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ডুমানলি বলেছিলেন, তুরস্কের গণতন্ত্রের জন্য পিছু না ফিরে সামনে এগিয়ে যাচ্ছে যারা, ইতিহাস তাদের মনে রাখবে। তিনি আরো বলেন, এটা কিন্তু বিপ্লব বনাম সরকারের লড়াই নয়। আমাদের আসলে গণতন্ত্র বাঁচানো দরকার।
গালেনপন্থী আন্দোলনকর্মীরা সরকারের ভেতর অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্রের পরিকল্পনা করছে- এমনটাই অভিযোগ প্রেসিডেন্ট এরদোগানের। গালেনের অনুসারীরা দুর্নীতিতে যুক্ত বলেও অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এই অভিযোগে গত বছর গালেন সমর্থিত চার মন্ত্রীকে পদচ্যুত করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গালেন। তিনি বর্তমানে পেনসিলভানিয়ায় স্বেচ্ছানির্বাসনে আছেন।