কাফরুলে যুবদল আহবায়কের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ০০:৩১

রাজধানীর কাফরুলে থানা যুবদলের আহবায়ক মাওলানা নাসিরের (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে তার পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় হার্ট ফাউন্ডেশনে ভর্তি করালে দুপুর ২ টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, সোমবার রাত ৮টার দিকে উত্তর ইব্রাহিমপুর এলাকায় মাওলানা নাসিরের লাশের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজার পর পুলিশ লাশ পর্যবেক্ষণ করে শরীরে কোন আঘাতের চিহ্ন পায়নি। জানাজায় অংশগ্রহণকারীরা পুলিশকে জানিয়েছে, মাওলানা নাসির হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে, কাফরুল থানা যুবদলের কয়েকজন কর্মী অভিযোগ করেছেন, বেলা ১১টার দিকে ১৪৯, উত্তর ইব্রাহিমপুরে মাওলানা নাসিরের বাড়িতে দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মতির নেতৃত্বে প্রায় ১০/১২ জন নেতা-কর্মী বৈঠকে অংশ নেন। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয় বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া মাওলানা নাসিরের মোবাইল ফোনে কল করে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার জন্য চাপ দেন। স্থানীয় যুবদলের একজন নেতা অভিযোগ করেন, মাওলানা নাসির ও মোয়াজ্জেম হোসেন মতি পৃথকভাবে কাফরুল থানা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। কিন্তু এই দুই কমিটি কেন্দ্রীয় যুবদল অনুমোদন দেয়নি। নতুন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার জন্য দুই গ্রুপ মাওলানা নাসিরের বাড়িতে বৈঠক করছিল। বৈঠকে মাওলানা নাসির মোবাইলে কথোপথন শেষ করার পর প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্জিত করার চেষ্টা করলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তির পর দুপুর ২টার দিকে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।