সাতক্ষীরায় শহরে কাটিয়া রেজিস্ট্রি অফিস পাড়া এলাকায় এক চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোমবার গভীর রাতে শহরের রেজিস্ট্রি অফিস পাড়ার ডা. অরুন ব্যানার্জীর বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণের অলংকার, একটি ক্যামেরা ও একটি মোবাইল সেটসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বাড়ীর মালিক ডা. অরুন ব্যানার্জীর স্ত্রী ডা. সুলেখা ব্যানার্জী জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাতদল তার ভাড়া বাড়ির নিচ তলার জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ক্যামেরা ও মোবাইল সেটসহ নগদ ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এদিকে শহরের কেন্দ্রবিন্দু কাটিয়া এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে একই ধরনের দুইটি ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, ‘বিষয়টি আমি এখনও জানতে পারিনি।’
প্রসংগত, এর আগে গত রবিবার গভীর রাতে শহরের কাটিয়া সরকার পাড়া এলাকার সাবেক চেয়ারম্যান নুরুল আলমের বাড়ি থেকে একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ নগদ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
