রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে লোটাস কামাল ভবনের বিপরীতের রেললাইনে এ ঘটনা ঘটে। এ দিকে, বিজয় দিবসে পতাকা টানাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার দিনগত গভীর দিকে যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম বলেন, খিলক্ষেতে কমলাপুরগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে লোটাস কামাল ভবনের বিপরীতের রেললাইনে এ ঘটনা ঘটে।
এদিকে, যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবির জানান, যাত্রাবাড়ীর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও লবণ ফ্যাক্টরির বিপরীত পাশে ডি এম বাসার ফার্নিচারের কারখানা। ওই কারখানার শ্রমিক ছিলেন শরিফুল। রাতে শরিফুল কারখানার ছাদে বিজয় দিবসের পতাকা টানাতে যান। এ সময় লোহার পাইপে পতাকার রশি বাঁধতেই তিনি বিদ্যুত্স্পৃষ্টে গুরতর আহত হন। পরে কারখানার অন্য শ্রমিকরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে।
