বিজয় দিবসে জাতীয় জাদুঘরে নানা অনুষ্ঠান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ২১:৫৩
 
 
 
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার বিকালে জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় প্রায় দুই শত শিশু-কিশোর অংশগ্রহণ করে। তা ছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ সকল শাখা জাদুঘর দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয় এবং সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুগণ বিনা টিকিটে জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হয়। এ ছাড়া জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে আয়োজিত ‘১৯৭১ গণহত্যা ও নির্যাতন’ প্রদর্শনীটিও সবার জন্য উম্মুক্ত রাখা হয়। জাদুঘরের প্রধান মিলনায়তনে বিনা টিকিটে বেলা ১১টায় প্রদর্শন করা হয় জহির রায়হানের চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ এবং বিকাল ৩টায় প্রদর্শন করা হয় হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’।
অনুষ্ঠানমালায় বিকাল ৪টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শরীফউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক, মুক্তিযুদ্ধ গবেষক ড. আফসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন এবং বিশিষ্ট সাহিত্যিক নাসরীন জাহান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর নজরুল ইসলাম। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।
সভাপতির ভাষণে প্রফেসর ড. নজরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের কাছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে যাতে তারা গৌরবময় জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে। আলোচকগণ মুক্তিযুদ্ধের পরবর্তীতে  আমাদের প্রাপ্তি এবং ভবিষ্যতে করণীয় নির্ধারণের বিষয়ে দিক-নির্দেশনা দেন।