বাঙালিদের বিশাল আনারস বাগান রাতে কেটে ধ্বংস করে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে রাঙ্গামাটির নানিয়ারচরের ১৪ মাইল এলাকায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কয়েকটি দোকান সহ পাহাড়িদের ১৩ টি ঘর পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল বলেন, যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আমরা রাঙ্গামাটিবাসীর কাছে এটি আশা করিনি। যে বা যারা আনারস বাগান কেটে ক্ষতিগ্রস্ত করেছে তারা খুবই খারাপ কাজ করেছে। আর যারা ক্ষুব্ধ হয়ে বাড়ি-ঘরে হামলা চালিয়েছে তারা জঘন্য কাজ করেছে। তিনি বলেন, সেনাবাহিনী আমাদের সকলের লোক। সেনাবাহিনী না থাকলে এই এলাকায় আরো বেশি সংঘর্ষের ঘটনা ঘটতো। তিনি বলেন, শান্তিপূর্ণ অবস্থানে থাকলে আমরা সকলেই ভালো থাকি। তিনি বলেন, যে কোন সমস্যা আগে প্রশাসনকে অবহিত করুন। প্রশাসন যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে আপনারা দোষারোপ করবেন।
