হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৭

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ০১:২২

ঢাকা-সিলেট মহা-সড়কে হবিগঞ্জের সুতাংব্রীজ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৭ জন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা ঢাকা-সিলেট মহা-সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার ভোর সোয়া ৭টায় ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের হারিছ মিয়ার স্ত্রী নকুল বিবি (৪৫) ও  তার মেয়ে আম্বিয়া খাতুন (২০), চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামের মুখলিছ আলী (৬০), মৌলভীবাজার সদর উপজেলার বর্শিজুড়া গ্রামের আহমুদুল হক (৬০) ও পূর্ব সুলতানপুর গ্রামের মুজিবুর রহমান (৬০) এবং শ্রীমঙ্গল উপজেলার মৃত্তিকা চা বাগানের ইউনুস মিয়া (৫০)। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৌলভীবাজার জেলার কাজিরগাঁও গ্রামের আব্দুল মান্নান-এর পুত্র জামিল (২০) মারা যায়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঘটনার সময় ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুইদিক থেকে একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশার সাথে ওই গাড়িগুলোর চতুর্মুখী সংঘর্ষ হয়।
জানা যায়, নিহতদের সবাই শাহজী বাজারস্থ ফতেহ গাজী (রহঃ)-এর মাজার থেকে ওরস শেষে সিএনজি চালিত অটোরিকশা ও জিপে (চান্দের গাড়ি) করে বাড়ি ফিরছিল। আহতদের মধ্যে ১১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে ৫ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে কোটালীপাড়ায় রোলার চাপায় কাবুল হাওলাদার  (৩৫) নামে এক ভ্যানচালক, দুপুরে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন মোড়ে বাস টাপায় মোহন মিয়া   (৫৮) ও সোমবার বিকালে  ট্রাকচাপায় কাশিয়ানীতে শেফালী বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হন। এ   ঘটনায় এলজিইডির  রোলার চালক মো. আকবর খানকে কোটালীপাড়া থানা  পুলিশ আটক করেছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ জানান, মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে ব্যাটারি চালিত একটি ভ্যানের সাথে রোলারের ধাক্কা লাগে। এতে ভ্যানচালক রোলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত কাবুল কোটালীপাড়া উপজেলার মঠবাড়ি গ্রামের হিঙ্গুল হাওলাদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, দুপুরে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন মোড়ে বাস চাপায় মোহন মিয়া মারাত্মক আহত হয়। সংকটজনক অবস্থায় তাকে হাসাপাতালে নেয়া হলে আগেই তিনি মারা গেছেন বলে জরুরি বিভাগের চিকিত্সক জানান। মোহন মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

অপরদিকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, সোমবার বিকালে মাঝিগাতী নামকস্থানে একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী শেফালীসহ ৩ যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় শেফালীকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। নিহত শেফালী বেগম কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামের মৃত হিরু মোল্লার স্ত্রী।