ভারতের কেন্দ্রীয় সরকার সব রাজ্যের স্কুল-কলেজে বিকল্প বহির্গমন পথ তৈরির প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। যাতে করে পেশোয়ারের মতো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে শিক্ষার্থীরা পালিয়ে জীবন বাঁচাতে পারে। গতকাল পাকিস্তানের পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা নিতে আজ ভারত সরকার এ ঘোষণা দিল। এ মর্মে রাজ্য সরকারগুলোকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানান, দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন রাজ্যের কয়েকটি শীর্ষ ও আবাসিক স্কুলকে আলাদাভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। স্থানীয় পুলিশ ও প্রশাসনের মাধ্যমে তাদের নিরাপত্তামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। খবর এনডিটিভি।
