আগামী শনিবার বগুড়ায় অর্ধদিবস হরতাল ডেকেছে বগুড়া জেলা বিএনপি। জেলা কারাগারে আটক জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৫ নেতার মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়। বুধবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভা থেকে এই হরতাল ছাড়াও বিভিন্ন কর্মসুচি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা শহরে বিক্ষোভ মিছিল, শুক্রবার বিকেলে জেলার ১২ উপজেলা এবং বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল। এর মধ্যে আটক নেতাদের মুক্তি দেয়া না হলে ২২ ডিসেম্বরর জেলা কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। ঐ সভা থেকে ২৪ ডিসেম্বর থেকে লাগাতার কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।
কর্মসুচি ঘোষণা কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, শহর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বকুল, জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার প্রমুখ।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শহর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ঐ মামলায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক শাহবুল আলম পিপলু ও শ্রমিকদল নেতা আবু জাকির হোসেন মিঠু হাইকোট থেকে জামিন নিয়ে বগুড়ার ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।
