দামুড়হুদা সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৬:২৩
আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে ভারতীয় গ্রামবাসী  কর্তৃক বাংলাদেশ-ভারত শূন্য রেখায় অবৈধভাবে পাম্প হাউজ নির্মাণ এবং তা চালু করার বিষয়ে বিএসএফের তাগিদে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে । 
বৃহস্পতিবার বেলা ১১টায় সীমান্তের ৮০ নং মেইন পিলারের শূন্য রেখায় আয়োজিত এ বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ওই পাম্প হাউজ চালু করার বিষয়ে বিজিবির সহায়তা চাওয়া হয় । পাল্টা জবাবে বিজিবি জানায় নির্মিত পাম্প হাউজটি বাংলাদেশের ভুখেণ্ড অবস্থিত হওয়ায় সেটি আপাতত: চালু করা যাবে না এবং বিষয়টি নিষ্পত্তির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা যেতে পারে ।
বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক আনোয়ার জাহিদ এবং বিএসএফের পক্ষে ১১৩ বিএসএফের ডেপুটি কমান্ডার শ্রী সুরেশ কুমার বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন । ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক শেষে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক আনোয়ার জাহিদ সাংবাদিকদের জানান, আজকের আলোচনা ফলপ্রসু হয়েছে । পাম্প হাউজটি নির্মাণের প্রথম থেকেই বিজিবি এ ব্যাপারে বিএসএফ-কে সতর্ক করে দিয়েছিল । এছাড়াও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশি/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও পতাকা বৈঠকে আলোচনা হয়েছে।