রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন (ডিএসসিসি)। রাজধানীর কাওরানবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ শতাধিক ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অন্যদিকে রাজধানীর বেইলি রোড, ইস্কাটন ও রমনাপার্ক এলাকায় অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।
রাজধানীর কাওরান বাজার এলাকায় অভিযানের সময় ট্রেড লাইসেন্স ছাড়া এবং নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে ৪ দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রাস্তা দখল করে মালামাল বিক্রি করায় এক সাইকেল দোকানির ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবাদত হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি বলেন, ‘অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। তাই আমরা কাওরান বাজার থেকে সরকারি বিজ্ঞান কলেজ হয়ে কাঁচাবাজার পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ করেছি। এ সময় নোংরা পরিবেশে খাবার বিক্রি করায় ৪ দোকানদারকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাস্তা দখল করে সাইকেল ও সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করার দায়ে আরো এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইবাদত হোসেন।
দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সিটির নির্বাহী ম্যাজিস্টেট কবির মাহমুদ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বেইলি রোড, ইস্কাটন ও রমনাপার্ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদকালে ৫৮ কেজি মাছ, ১০০ কেজি টমেটো, ৪৭ কেজি পেঁয়াজ, ৫৫৮ কেজি সবজি এবং ২৫টি লাউ জব্দ করা হয়েছে। জব্দ মালামাল রাজধানীর স্যার সলিমুল্লাহ এতিমখানায় দেয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী সংস্থার ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ জানান, প্রতিদিন সকালে এই এলাকাগুলোর ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে কাঁচাবাজার বসানো হয়। করপোরেশনের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সকালে সংস্থার পক্ষ থেকে এ উচ্ছেদ চালানো হয়।
