বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশ পুত্তলিকা দাহ করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। বৃহস্পতিবার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এই কুশ পুত্তলিকা দাহ করে। এর আগে ও পরে বিক্ষোভ মিছিল বের করে তারা। ওই মিছিল থেকে ডিআইটি বাণিজ্যিক এলাকাতে অবস্থিত জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কার্যালয়ে ইটপাটকেল ছোড়া হয়েছে। উত্তেজিত নেতাকর্মীরা কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি কার্যালয়ের নিচের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে আতংক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুর নেতৃত্বে একটি মিছিল বিএনপি কার্যালয়ের সামনে আসা মাত্র সেখানে থাকা কর্মীরা বিএনপি কার্যালয়কে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু সড়কে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করে। এর কয়েক মিনিটি পরে নগর সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেনের নেতৃত্বে বের হওয়া অপর একটি মিছিল থেকেও বিএনপি কার্যালয়কে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে অবশ্য নেতারা কর্মীদের শান্ত করে।
শহরের ২নং রেল গেট এলাকাতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় নাজমুল আলম সজল বলেন, আজ যদি আমাদের নির্দেশ দেয়া হতো। তাহলে আজকেই বিএনপির কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হতো।
পরে শহরের দুই নং রেল গেট এলাকাতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, যুবলীগ নেতা রিপন ঘোষ, নগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, ছাত্রলীগ নেতা রিয়াদ প্রমুখ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, বিক্ষুব্ধ লোকজন ইটপাটকেল ছোড়ার চেষ্টা কলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
