রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ডেন্টাল কলেজের ২২ শিক্ষার্থীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
বুধবার নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি শেষে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেলে বিএসসি ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সারোয়ার হোসেন ভূঁইয়াসহ ডেন্টাল কলেজের ঐ ২২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
আটককৃতদের জামিনের আবেদন জানান, তাদের একাধিক আইনজীবী। শুনানি শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাতের আদালত।
বুধবার সকালে বিএসসি ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে ডেন্টাল শিক্ষার্থীরা ৪ দফা দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
