সেই ‘মৃত’ নারী 'বেঁচে ওঠার পর' ফের মৃত, অতঃপর দাফন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৯:০৩
 
 
 
 
 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘মৃত’ ঘোষণার পর বেঁচে ওঠা এবং চিকিত্সাধীন অবস্থায় মারা যাওয়া সেই নারীর লাশ দাফন করা হয়েছে। শুক্রবার অজ্ঞাতপরিচয় এই নারীর লাশ দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এ দিকে, খিলক্ষেতের নিকুঞ্জ থেকে উদ্ধার করা অজ্ঞাতপরিচয় তরুণীর মৃতদেহও দু-এক দিনের মধ্যে আঞ্জুমানে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মুশফিকুর রহমান বলেন, ৫ ডিসেম্বর মৃত্যুর পর আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর লাশ মর্গের হিমঘরে রাখা হয়। এত দিনেও তার পরিচয় বা আত্মীয়-স্বজনের খোঁজ মেলেনি। তাই নিয়ম অনুযায়ী দুপুরে লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে জুরাইন কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, ৪ ডিসেম্বর ওই নারীকে মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতালের চিকিত্সক। তার মৃত্যুসনদও লেখা হয়। কিন্তু মর্গে নেয়ার সময় নড়াচড়া করে জীবনের অস্তিত্ব জানান দেন তিনি। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ৫ ডিসেম্বর চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
এ দিকে, নিকুঞ্জ আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি প্লট থেকে উদ্ধার তরুণীর লাশও শিগগিরই আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। গত ১২ ডিসেম্বর গভীর রাতে লাশটি উদ্ধারের পর এ পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তাই দাফনের জন্য লাশ আঞ্জুমানে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিরা।