পাকিস্তানে সেনাবাহিনীর এ সপ্তাহের বেশ কয়েকটি অভিযানে ৫৯ তালেবান জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে শুক্রবার ভোর রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তিরাহ উপত্যকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত হয় ৩২ তালেবান জঙ্গি। এছাড়া বৃহস্পতিবার খাইবারে বিমান হামলায় ১৭ তালেবান এবং স্থল যুদ্ধে আরো ১০ তালেবান নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তালেবান জঙ্গিদের একটি দল শুক্রবার ভোর রাতে তিরাহ উপত্যকা এলাকা অতিক্রম করার সময় নিরপত্তা বাহিনী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর নিহত তালেবান জঙ্গিদের সহযোগীরা তাদের লাশ ফেলে পালিয়ে যায়।
পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে তালেবান হামলায় ১৩২ শিশুসহ ১৪৪ জনের মত্যুর পর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার এবং উত্তর ওয়াজিরিস্তান প্রদেশে তালেবান বিরোধী অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অস্ত্র চোরাচালানের অন্যতম রুট খাইবার। দুই দেশের মধ্যে জঙ্গি পারাপারের জন্যও বিশেষভাবে পরিচিত এ অঞ্চলটি।
তালেবানদের অভিযোগ, উত্তর ওয়াজিরিস্তান ও খাইবারের প্রত্যন্ত অঞ্চলে তালেবান হত্যার নামে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। সেনাবাহিনীর হামলার প্রতিশোধ নিতেই পেশোয়ারে স্কুলে হামলা করা হয়েছে বলেও দাবি করেছে তালেবান। এদিকে স্কুলে তালেবান হামলার পর থেকেই জঙ্গি নির্মূলে কঠোর অবস্থানে গেছে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাবাহিনী।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার বলেছেন, সেনা আদালতের মাধ্যমে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলাগুলো নিষ্পত্তির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ডন নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, জঙ্গি সংশ্লিষ্টদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ৬ হাজার তালেবান সদস্যের মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণার কথাও যোগ করেন তিনি।
