রাষ্ট্র পরিচালনায় সক্ষমতার দিক দিয়ে বিশ্বের শীর্ষ ত্রিশ নেতার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক জরিপে এ তথ্য পাওয়া গেছে বলে জাপানের গবেষণা সংস্থা জিএমও জানিয়েছে। গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
গবেষণা সংস্থাটি জানিয়েছে, এই জরিপে ২৬ হাজার মানুষ অংশ নেন। শি জিনপিং, নরেন্দ্র মোদী এবং তৃতীয় অবস্থানে থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের স্কোর যথাক্রমে ৭ দশমিক ৫, ৭ দশমিক ৩ এবং ৭ দশমিক ২। জরিপের এই তথ্য প্রকাশ করেছে হার্ভাড কেনেডি স্কুল’স অ্যাশ সেন্টার ফর ডেমোক্র্যাটিক গভর্ণনেন্স অ্যান্ড ইনোভেশন। তথ্য বিশ্লেষন করেছেন স্কুলে কর্মরত চীনের এক বিশেষজ্ঞ। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় বিভিন্ন দেশের সরকার প্রধান দেশীয় নীতি এবং পররাষ্টনীতির ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্কোর ৬ দশমিক ৬ যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্কোর ৬ দশমিক ৫। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্কোর ৬।
