মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী মুক্তি পাচ্ছেন না

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ০০:৪৮

ভারতের মুম্বাই হামলার পরিকল্পনাকারী জাকিউর রহমান লকভি সহসা মুক্তি পাচ্ছেন না। তাকে আরো তিন মাস জেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। সরকার তার জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করারও সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল শুক্রবার সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।। খবর ডন’র।

গত বৃহস্পতিবার ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত জাকিউর রহমানকে জামিনে মুক্তি দেয়। এরপর ভারতসহ বিভিন্ন রাষ্ট্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে। বিশেষ করে ভারত পাকিস্তানের কঠোর সমালোচনা করে। তাকে এমন সময় মুক্তি দেয়া হয় যখন দেশটির পেশোয়ারে স্কুলে এক জঙ্গি হামলায় ১৩২ শিশু শিক্ষার্থীসহ ১৪৮ জন নিহত হয়। পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণার মধ্যেই এই জামিন দেয়া হয়। মুম্বাইয়ে ২৬/১১ জঙ্গি হামলার ঘটনায় পরিকল্পনাকারী সাতজনের মধ্যে জাকিউর প্রধান। জাকিউরসহ বাকি ছয় জঙ্গি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার বন্দী। অন্যরা হলেন, হাম্মাদ আমিন সাদিক, শহীদ জামিল রিয়াজ, ইউনুস আনজুম, জামিল আহমেদ, মাজহার ইকবাল এবং আব্দুল মজিদ।