ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৭০জন আহত হয়েছেন। এসময় ৪০/৪৫টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট এবং ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার কালীর বাজারে গাড়ি সরানোকে কেন্দ্র করে কালিকচ্ছ ইউনিয়নের ট্রাক্টর চালক বাবু মিয়াকে মারধর করে পাশ্ববর্তী ইউনিয়নের মোটর সাইকেল আরোহী ওয়ালী মিয়া। এর জের ধরে রাতেই উভয়পরে মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পরে ২০জন আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষকে কেন্দ্র করে সকালে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের সময় কালীকচ্ছ গ্রামের ৪০/৪৫ টি বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এছাড়া কমপক্ষে ১৫টি বাড়িতে আগুন দেয়া হয়েছে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্য এবং এপিবিএন সদস্যরা ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে ৪০ রাউন্ড কাঁদানো গ্যাস ও ১৪১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।
