মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ব্র্যাক ব্যাংকের যশোর আরবপুর শাখার অফিসার শংকর রায় সুজল। অপহরণকারীরা শনিবার গভীর রাতে তাকে বাসে করে এনে মাগুরাতে ছেড়ে দেয়।
বৃহস্পতিবার কাজ শেষে কোটচাঁদপুরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এরপর দু’ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা।
কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, অপহৃত ব্যাংক অফিসার কোটচাঁদপুর শহরের বেনে পাড়ার ঠাকুর দাস রায়ের ছেলে। তিনি কোটচাঁদপুর থেকে প্রতিদিন অফিস করতেন। ওই বাসের যাত্রীরা সবাই ছিল অপহরণকারী দলের সদস্য। বাসে তোলার পর তার চোখ বেঁধে ফেলে। তারপর ৩ দিন তাকে বাসের ভিতর আটকে রাখা হয়। সেথান থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছিল। শনিবার গভীর রাতে মাগুরাতে নামিয়ে দেয়া হয় বলে ভিকটিম জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, মুক্তিপণ দেয়ার পরই তাকে ছাড়া হয়। তবে শংকর রায় এ ব্যাপারে তেমন কিছু বলেন নি।
