পাকিস্তান সরকার আরো অন্তত ৫৫ জঙ্গির মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে যাচ্ছে।
পাকিস্তানি ইংরেজী সংবাদ মাধ্যম ডন জানায়, গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় ১৪১ জন শিক্ষার্থীসহ প্রায় দেড়শ মানুষ নিহত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এদিকে গত রবিবার রাতেই সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত চার আসামির মৃত্যুদণ্ড দেশটির ফয়সালাবাদ জেলা কারাগারে কার্যকর করা হয়েছে। এরা হলেন, জুবাইর আহমেদ, রশিদ কুরেশি, গুলাম সারোয়ার ভাত্তি এবং আখলাক আহমেদ নামের এক রুশ নাগরিক। বছর কয়েক আগে সামরিক আদালত ওই চার আসামির মৃত্যুদণ্ডের রায় দেয়।
সাধারণত কারো প্রাণভিক্ষার আবেদন প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করলে পাকিস্তানের নিয়মে তার দণ্ড কার্যকরে ১৪ দিন সময় লাগে। তবে পাঞ্জাব রাজ্য সরকার সম্প্রতি তাদের আইন সংশোধন করে এই সময় দুই দিনে নামিয়ে এনেছে। এছাড়া ভোর চারটায় ফাঁসি কার্যকরের আগের বিধানও তারা সংশোধন করেছে, ফলে এখন দিনের যে কোনো সময় দণ্ড কার্যকর করা যাবে।
