বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে আরো তিনটি মামলা হয়েছে। সোমবার ছাত্রলীগ নেতা কামাল পারভেজ, হোসাইন আহমেদ ও মোজাম্মেল হক বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক তিনটি আদালতে এসব মামলা করেন। মামলাগুলো আমলে নিয়ে আদালত তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে। এ নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে কুমিল্লায় চারটি মামলা হলো।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর রাতে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দ্য অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের ৪৪তম বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। IMG0 এতে ক্ষুব্ধ হয়ে সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাছরিন জাহানের আদালতে জেলার তিতাস উপজেলা ছাত্রলীগ সভাপতি কামাল পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা জেসমিন কলির আদালতে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা ইসলামের আদালতে চান্দিনা পৌর ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক বাদী হয়ে সোমবার দণ্ডবিধির ৫০০ ধারায় পৃথক তিনটি মামলা করেন। আদালত তিনটি মামলা আমলে নিয়ে আগামী ২২ জানুয়ারি একটি ও ৩০ জানুয়ারি দুইটি মামলায় সংশ্লিষ্ট আদালতে বিবাদীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। বাদীপক্ষে এসব মামলা পরিচালনা করেন অ্যাড. জহিরুল ইসলাম সেলিম, অ্যাড. নিজামুল হক, অ্যাড. হারুন-অর-রশিদ, অ্যাড. জিয়াউল হক সোহাগ, অ্যাড. সুবির নন্দী বাবু।
উল্লেখ্য, এর আগে গত ১৮ ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নগরীর বাগিচাগাঁও এলাকার অ্যাড. সুবীর নন্দী বাবু বাদী হয়ে করা মামলায়ও সমন জারি করা হয়।
