ব্রিটেনের দি ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত খবর মতে, এরিক জেমোর নামে এই সাংবাদিক সম্প্রতি ইটালির এক সংবাদপত্রে সাক্ষাৎকারে বলেন, 'ফ্রান্সকে বিশৃঙ্খলা এবং সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা করতে সেদেশের ৫০ লাখ মুসলিমকে বহিষ্কার করা ছাড়া উপায় নেই।'
ইটালিয় ভাষায় প্রকাশিত তার এই সাক্ষাৎকারটি বেশি কিছুদিন কারো চোখে পড়েনি।
কিন্তু ফ্রান্সের বামপন্থি একজন রাজনীতিবিদ তার ব্লগে এরিক জেমোরের সাক্ষাৎকারটি ফরাসী ভাষায় অনুবাদ করে প্রকাশ করলে বিতর্কের ঝড় শুরু হয়।
বিতর্কের মাঝেই এরিক জেমোরকে চাকরিচ্যুত করেছে আই টেলে নামের টিভি চ্যানেলটি।
কিন্তু তার এই চাকরিচ্যুতি নিয়ে এখন শুরু হয়েছে বিতর্ক।
বর্ণবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো আই টেলে টিভির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
অন্যদিকে ডানপন্থি রাজনীতিকদের অনেকেই তার চাকরিচ্যুতির কড়া সমালোচনা করছেন। এমনকি বামপন্থিদের অনেকেও বলছেন, এই চাকরিচ্যুতি মত প্রকাশের স্বাধীনতার জন্য ক্ষতিকর।
সমালোচনায় জড়িয়ে পড়ার মি জেমোর এখন বলার চেষ্টা করছেন তিনি 'ডিপোর্টেশন' বা বহিষ্কার শব্দটি বলেননি। এটা ইটালির ঐ পত্রিকার নিজস্ব ব্যাখ্যা।
নিজে আলজেরিয়া থেকে আসা অভিবাসী ইহুদি পরিবারের হলেও, মুসলিম, অভিবাসী এবং সমকামীদের ব্যাপারে তার কট্টর মনোভাব সর্বজনবিদিত।
সম্প্রতি তার প্রকাশিত একটি বইতে জেমোর লিখেছেন, অভিবাসন ফরাসী সমাজের মৌলিক চরিত্র এবং মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে।
