আড়াইহাজারে বৃহত্তর মেঘনার চরাঞ্চল কালাপাহাড়িয়ার পুর্বকান্দি গ্রামে সংঘটিত সংঘর্ষে গুলিবিদ্ধ রব মিয়া ১৬ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তার পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ রুকু মেম্বারের একটি দোকান ভাঙচুর করে এবং তার বাড়ী-ঘরে লুটপাট চালায়। এ সময় উত্তেজিত জনতা মনির হোসেন (১৬) নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে।
জানা গেছে, গত ৮ ডিসেম্বর সকাল আটটার দিকে কালাপাহারিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আম্বর আলীর সমর্থক ও আওয়ামী লীগ নেতা মোস্তফার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র ও পিস্তল ব্যবহার করে প্রায় ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলে। ঘটনাস্থলে মোতালিব , রব মিয়া , লিয়াকত , সামসু ও জোসনা গুলিবিদ্ধ সহ কমপক্ষে ২৫ জন আহত হয়। মুমূর্ষু অবস্থায় রব মিয়াসহ গুলিবিদ্ধ পাঁচ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর সকাল আটটায় রব মিয়ার মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার পর পক্ষে-বিপক্ষে দুইটি মামলা হলেও পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি এবং সংঘর্ষের সময় ব্যবহৃত কোন অস্ত্রও উদ্ধার করতে পারেনি। এলাকাবাসীর অভিযোগ,পুলিশের দুর্বল ভুমিকার কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খাগকান্দা ফাড়িঁর ইনচার্জ খালিদ হাসান মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
