চীন ও মিয়ানমারের সীমান্তের এক শহরে ব্যাপক হারে বাঘের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে বলে এক সমীক্ষায় জানানো হয়েছে। বায়োলজিকাল কনজারভেশন সাময়িকীতে প্রকাশিত সমীক্ষায় বলা হয়, মিয়ানমারের মঙলা শহরে গবেষকরা দেখেছেন- সেখানে অন্তত ২০০টি বাঘের চামড়া এবং নানা ধরনের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি হচ্ছে।
তাদের ধারণা, এর বাইরে সেখানে ৪৮০টি চিতাবাঘের দাঁত এবং চামড়াও বিক্রি হচ্ছে। বণ্যপ্রাণীর অঙ্গপ্রত্যঙ্গের বাণিজ্যে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় মঙলা একটি প্রধান বাজার হিসেব আবির্ভূত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, শহরটির ওপর মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের সাথে সেখানকার বিদ্রোহীদের একটি শান্তিচুক্তি হওয়ার পর থেকে সশস্ত্র কয়েকটি দল মঙলায় এই লাভজনক ব্যবসার সাথে জড়িত হয়েছে।
মিয়ানমারের সরকার বাঘ, চিতাবাঘ ইত্যাদি বন্য ও বিলুপ্তপ্রায় প্রাণীর বাণিজ্য নিষিদ্ধ করার লক্ষ্যে তৈরি জাতিসংঘের আন্তর্জাতিক সনদে সই করেছে। কিন্তু মঙলাতে সেই আইন প্রয়োগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের কর্মকর্তা টমাস গ্রে। খবর বিবিসির।
