‘ঢাবিতে ছাত্রলীগের মহড়া, টিএসসিতে ৬ রাউন্ড গুলি’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ২১:১১
 
 
 
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মহড়া দিয়েছে বলে জানা গেছে। এ সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর কাছে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র দেখা যায় বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে—ক্যাম্পাসে ছাত্রদল আসতে পারে, এমন আশঙ্কায় সকাল থেকেই ক্যাম্পাসে মহড়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুপুরে বকশীবাজার এলাকায় ছাত্রদল-বিএনপির সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেয়। সেখানে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগও উপস্থিত ছিলেন। ঐ সময় দুইজনকে পিস্তল থেকে চার রাউন্ড এবং কাটা রাইফেল থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে দেখা গেছে। এ সময় তাদের পরনে ছিল কালো রংয়ের জ্যাকেট। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে।
ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমরা জানতে পেরেছি— বিএনপি ও ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান নিতে পারে। তাই আমরা সকাল থেকেই অবস্থান গ্রহণ করি। পরে তারা ক্যাম্পাসের পরিস্থিতি অশান্ত করতে চাইলে আমরা তা প্রতিহত করি। এ সময় আমাদের অনেকেই আহত হয়েছে। তবে গুলির বিষয়ে তিনি বলেন, আমি এ রকম দেখিনি এবং শব্দও শুনিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, গুলি ছোড়ার ঘটনাটি আমি শুনেছি, তবে কে বা কারা করেছে, সেটি এখনও শনাক্ত করা যায়নি। পুলিশকে আগে বলে দেয়া হয়েছে যে, কাউকে আগ্নেয়অস্ত্রসহ দেখলে তাকে আটক করতে। তারা (পুলিশ) যদি ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি দেখলে কেন আটক করেনি, তা আমার বোধগাম্য নয়। 
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা আমাদের মতো যা করা প্রয়োজন সেটিই করছি। ক্যাম্পাস বা তার আশাপাশের এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।